এশিয়ান গেমসে ভারতের নারী ক্রিকেট দলের সম্ভাব্য পদকজয়কে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মহসিন নকভির নাম। ভারত ফাইনালে উঠেছে, আর ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবে তারা। এর মধ্যেই পদক বিতরণ অনুষ্ঠানে নাকভির কোনো ভূমিকা থাকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
বিজ্ঞাপন
সম্প্রতি নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করেনি ভারতীয় দল। একই ধরনের ঘটনা ঘটেছিল ২০২৫ সালের পুরুষ এশিয়া কাপেও।
এশিয়ান গেমসের নিয়ম অবশ্য এশিয়া কাপের চেয়ে ভিন্ন। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সংবিধানের ৬৬ নম্বর ধারায় বলা হয়েছে, গেমসের পদক বিজয়ীদের পদক প্রদান করবেন ওসিএ সভাপতি। তবে তিনি চাইলে ওসিএর অন্য কোনো সদস্যকে এ দায়িত্ব দিতে পারেন। সংশ্লিষ্ট আন্তর্জাতিক বা এশীয় ফেডারেশনের প্রতিনিধিও সেখানে উপস্থিত থাকতে পারেন।
অর্থাৎ, শুধু এসিসি সভাপতি কিংবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার কারণে নাকভির পদক বিতরণের দায়িত্ব পাওয়ার কথা নয়। এশিয়ান গেমসের পদক বিতরণ ওসিএ এবং আয়োজক কর্তৃপক্ষের নির্ধারিত প্রটোকল অনুযায়ী হবে।
বিজ্ঞাপন
ভারতের নারী দল এরই মধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে বাংলাদেশকে ১১৪ রানে হারিয়ে তারা শিরোপার লড়াইয়ে উঠেছে। ২২ সেপ্টেম্বর ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।
এদিকে এশিয়া কাপের ঘটনার পর এশিয়ান গেমসে পদক বিতরণ নিয়ে ভারতের অবস্থান কী হবে, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপাতত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। বোর্ড সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, দল এখন ম্যাচেই মনোযোগ দিচ্ছে; পরিস্থিতি তৈরি হলে তখন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, পদক বিতরণে নাকভির ভূমিকা থাকবে কি না—সেটিই এখন দেখার বিষয়।
বিজ্ঞাপন
এমএমএম/

























