স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল না, তাই এক দিন ছুটির খোঁজে অভিনব আর বিপজ্জনক পথ বেছে নিয়েছিল এক কিশোরী। ‘স্কুলে বোমা রাখা আছে’ লিখে নিজের স্কুলের ইমেইলে বার্তা পাঠিয়ে তৈরি করে চরম আতঙ্ক। তবে শেষ রক্ষা হয়নি; ঘটনার তদন্তে নেমে দুদিনের মধ্যেই প্রেরককে চিহ্নিত করে ফেলে পুলিশ।
ঘটনাটি ভারতের দিল্লির লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলের। গত ২৩ অক্টোবর স্কুলে একটি হুমকি ইমেইল পাঠানো হয়, যার বিষয়বস্তু ছিল ভবনে বোমা থাকার কথা। এমন ইমেইল পাওয়ার পরপরই নিরাপত্তার স্বার্থে দ্রুত স্কুল খালি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে দীর্ঘ তল্লাশি চালিয়ে কোনো ধরনের বিস্ফোরক বা বোমা পাওয়া যায়নি।
পুলিশের সাইবার শাখা প্রযুক্তির সাহায্যে ডিজিটাল তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে অভিযুক্ত ছাত্রীকে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, কেবল এক দিনের ছুটি পাওয়ার উদ্দেশ্যেই এই বোমাতঙ্কের নাটক তৈরি করেছিল। জুভেনাইল জাস্টিস অ্যাক্টের অধীনে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।























