ইয়েমেনে বিরোধী হুথি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ২৪ ঘণ্টায় ৭ ৩৬টি সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটির সরকার সমর্থিত সেনাবাহিনী। ‘ডন অব ইয়েমেন’ শীর্ষক এই অভিযানে অন্তত ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে বিদ্রোহীদের ব্যবহৃত ৬৮টি সামরিক যান ও আধুনিক যুদ্ধাস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হুথিদের কমান্ড সেন্টার, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, অস্ত্রাগার এবং রসদ সরবরাহকারী বহরকে প্রধান লক্ষ্যবস্তু করে এই বিমান ও ভূ-পৃষ্ঠের হামলা চালানো হয়। বিশেষ করে তাইজ প্রদেশের একটি পরিত্যক্ত হোটেলে গড়ে তোলা কৌশলগত ঘাঁটি ও পর্যবেক্ষণকেন্দ্রে জোরালো আঘাত হানা হয়েছে, যা থেকে পার্শ্ববর্তী আবাসিক এলাকায় হামলা চালানো হচ্ছিল বলে অভিযোগ তোলা হয়।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তৃত অঞ্চল হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং তাদের মিত্র জোট এডেনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকা শাসন করছে। সাম্প্রতিক অভিযানগুলো সংঘাতপূর্ণ এলাকাগুলোতে নতুন করে তীব্র উত্তাপ সৃষ্টি করেছে।























