শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম
গুলিবিদ্ধ হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা নিষিদ্ধ লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না এলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
ডাকসু ভিপি সাদিক কায়েম আজ ঘোষণা করেছেন যে, তাদের উত্থাপিত তিন দফা দাবি নিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হয়েছিল। তিনি হুঁশিয়ারি দেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই তিন দফা দাবি যদি দৃশ্যমানভাবে বাস্তবায়ন করা না হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
আজ সোমবার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি তার চূড়ান্ত অবস্থান সম্পর্কে জানান।
ডাকসু ভিপি তিনটি মূল দাবি তুলে ধরেন:
দাবি ১: ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন যুগিয়েছে হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে।
দাবি ২: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের কোনো অবহেলা তারা আর সহ্য করবেন না।
দাবি ৩: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসেবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না।
ডাকসু ভিপি আরো বলেন, এই দাবিগুলো অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
















