ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের চরম অনিয়ম ও প্রশাসনিক অব্যবস্থাপনার চিত্র দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালে চিকিৎসা সেবার মান ভেঙে পড়া, উন্মুক্ত ময়লার ভাগাড়ে ব্যবহৃত বিপজ্জনক চিকিৎসা সরঞ্জাম ফেলে রাখা এবং নিয়মিত চিকিৎসক ও নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার মতো গুরুতর অভিযোগের মুখে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী এই সার্বিক অব্যবস্থাপনা ও দায়িত্ব অবহেলার ঘটনাটি দ্রুত তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন। তদন্তে দায়িত্বে অবহেলা কিংবা কোনো ধরনের অনিয়মের সত্যতা প্রমাণিত হলে জড়িত কর্মকর্তা, চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।


























