পার্বত্য চট্টগ্রামের সার্বিক জননিরাপত্তা রক্ষা ও সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দমনে অবিলম্বে পূর্বের সেনা ক্যাম্পগুলো পুনস্থাপনের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের আমিরে খেলাফত মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে দলের শীর্ষ নেতৃবৃন্দ এই দাবি জানান।
বৈঠকে খাগড়াছড়ি ও রাঙামাটির সাজেক অঞ্চলে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ জানান, সশস্ত্র সন্ত্রাসী দলগুলো সাজেকে প্রায় ৩ হাজার পর্যটককে অবরুদ্ধ করে রাখে এবং তাদের উদ্ধার করতে গেলে সেনা ও পুলিশের ওপর গুলি বর্ষণ করে ৯ জনকে আহত করে। এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে পাবর্ত্য চট্টগ্রামে অনতিবিলম্বে যৌথ অভিযান পরিচালনা এবং নিরাপত্তা জোরদারের তাগিদ দেয় দলটি।
এছাড়াও নির্বাহী পরিষদ থেকে জ্বালানি তেল, সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার আহ্বান জানানো হয়। একই সাথে, বিগত গণভোটের রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একতরফা কমিটি গঠনের পরিবর্তে সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের জোর দাবি জানান খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।






















