কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক ‘অপতৎপরতা’ এবং তথাকথিত লকডাউন বা রাজনৈতিকভাবে দেশে ফেরার হুমকি নিয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিগত দিনে আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা চালানোর দায়ে অভিযুক্ত এই ফ্যাসিস্ট শক্তি যতদিন জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করবে এবং দোষ স্বীকার না করবে, ততদিন জাতি তাদের কখনোই রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। তাদের ডিসেম্বরে বা ফেব্রুয়ারিতে দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো ধরনের মনোযোগ বা শঙ্কা নেই বলে সাফ জানিয়ে দেন তিনি।
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত ওই রাজনৈতিক দলটির তথাকথিত কর্মসূচিকে কেন্দ্র করেই রাতের অন্ধকারে রাজধানীতে কিছু স্থানে ককটেলবাজি এবং চালক-হেলপারবিহীন পরিত্যক্ত বাসে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে হাইকোর্ট এলাকা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে জড়িতদের মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ সময় বিরোধী দলের লং মার্চ এবং সরকারের সমালোচনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিরোধী দলের সমালোচনাকে সরকার সবসময় গুরুত্বের সঙ্গেই গ্রহণ করে। গণতান্ত্রিক সংস্কৃতি অনুযায়ী তারা তাদের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে লং মার্চ বা কর্মসূচি পালন করবে এবং সরকার তাতে সার্বিক সহযোগিতা প্রদান করেছে। চট্টগ্রাম বা উত্তরাঞ্চলের লং মার্চে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট কার পক্ষে যাবে তা আগামী পাঁচ বছর পর গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে।


























