সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় এবং পরিশেষে জাতীয় পর্যায়ে চূড়ান্ত রূপ লাভ করবে।
প্রতিযোগিতাটি মোট ৩টি গ্রুপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ক’ গ্রুপে অনূর্ধ্ব ১২ বছর বয়সীদের জন্য তাজবীদসহ ১০ পারা হিফয, ‘খ’ গ্রুপে অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের জন্য তাজবীদসহ ২০ পারা হিফয এবং ‘গ’ গ্রুপে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্য তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয অন্তর্ভুক্ত রয়েছে।
জাতীয় পর্যায়ে প্রতিটি গ্রুপের বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ২ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১.৫ লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা; সেই সাথে থাকবে ক্রেস্ট ও সনদপত্র। জাতীয় পর্যায়ে ৩টি গ্রুপের মোট ৯ জন বিজয়ী পাবেন সর্বমোট ১৩ লাখ ৫০ হাজার টাকার প্রাইজমানি। এছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন পুরস্কার।
আগ্রহী প্রতিযোগীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জন্মনিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সাদা কাগজে আবেদনপত্র নিজ নিজ জেলা বা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। পুরো নভেম্বর মাসজুড়ে নিবন্ধনের কাজ চলবে এবং আগামী ১ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। আয়োজকদের লক্ষ্য রয়েছে আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা সম্পন্ন করার। উল্লেখ্য, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশ নিতে পারবে।


























