শিশু-কিশোরদের মাঝে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর অনবদ্য ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) প্রেসিডেন্ট আলী আফজাল। পাঁচ দশকের বেশি সময় ধরে সংগঠনটির এ নিরলস প্রচেষ্টা আগামী দিনের যোগ্য নাগরিক বিনির্মাণে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শনিবার রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী এই আয়োজনে শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলী আফজাল বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি সৎ, দেশপ্রেমিক এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছিল, তা বাস্তবে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। প্রতিটি ক্ষেত্রে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা পেলে দেশ নিশ্চিতভাবেই অগ্রগতির পথে এগিয়ে যাবে।
দেশের অতীত শিক্ষাব্যবস্থার ঘাটতি তুলে ধরে তিনি উল্লেখ করেন, গত ৫৪ বছরে শিক্ষাব্যবস্থা সমাজকে প্রত্যাশিত উদ্যোক্তা ও নৈতিকতাসম্পন্ন নাগরিক উপহার দিতে কিছুটা ব্যর্থ হয়েছে। এর ফলে সমাজে নীতি-নৈতিকতার অবক্ষয় দেখা দিয়েছে এবং তরুণরা মাদকের ঝুঁকির মুখে পড়ছে। এই অচলাবস্থা কাটিয়ে উঠতে প্রাতিষ্ঠানিক শিক্ষার সমান্তরালে সততা ও নৈতিকতার চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি।
নেতৃত্বের পরিসর শুধু রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন, পুলিশ, সশস্ত্র বাহিনীসহ প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের উপস্থিতি দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এছাড়া প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।






















