ইয়েমেনের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার পরিচালিত এই হামলায় ক্ষেপণাস্ত্র দুটি বিমানবন্দরের রানওয়ে থেকে মাত্র ৫০০ মিটার দূরে এসে আঘাত হানে। ওই সময় রানওয়েতে একটি যাত্রীবাহী বিমান উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। তবে বিমানটির যাত্রী ও ক্রু সদস্যরা অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি সামাজিক মাধ্যমে জানান, উড্ডয়নমুখী বিমান থেকে প্রায় ১,৬৪০ ফুট দূরে ক্ষেপণাস্ত্র দুটি বিস্ফোরিত হলেও সব যাত্রী ও বিমান কর্মীরা নিরাপদ আছেন। এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন তিনি। এর একদিন আগেই একই শহরে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে হামলা চালিয়েছিল হুথিরা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হুথিরা সরাসরি বিমানবন্দরে হামলার কথা স্বীকার না করলেও তাদের সামরিক সূত্রে এডেনে অবস্থানরত সৌদি বাহিনীর সামরিক অবস্থান ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সামরিক সংঘাত তীব্র রূপ নিয়েছে।
সংঘাতের অন্যান্য রণক্ষেত্র যেমন মারিব ও তায়েজ প্রদেশেও উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। ইয়েমেনি সরকারি বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় তাদের অভিযানে চারশর বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছে। অন্যদিকে, সৌদি আরবের রাজধানী রিয়াদসহ বিভিন্ন এলাকায় হুথিদের পাঠানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।























