অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ, যা ‘ডুমসডে গ্লেসিয়ার’ নামে পরিচিত, বৈজ্ঞানিকদের পূর্বের ধারণার চেয়েও দ্রুত গতিতে গলছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, হিমবাহটির গলন তরান্বিত হওয়ার ফলে চলতি শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আগের হিসাবের চেয়ে প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে, যা বিশ্বজুড়ে উপকূলীয় অঞ্চলগুলোতে মারাত্মক বন্যার ঝুঁকি তৈরি করবে।
গবেষকদের নতুন মডেল অনুযায়ী, ২১০০ সালের মধ্যে শুধু এই একটি হিমবাহ গলেই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১.২ ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। থোয়াইটস হিমবাহটি অ্যান্টার্কটিকার বিশাল বরফস্তরকে আটকে রাখার মূল প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। এটি পুরোপুরি ধসে পড়লে পেছনের বরফ সমুদ্রে নেমে এসে দীর্ঘমেয়াদে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ১০ ফুট পর্যন্ত বাড়িয়ে দেওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইন এবং নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানীরা হিমবাহটির তলদেশে সমুদ্রের উষ্ণ পানি প্রবেশের প্রক্রিয়া বিশ্লেষণ করে এই পূর্বাভাস দিয়েছেন। বিজ্ঞানীরা বলছেন, উপকূলীয় সংবেদনশীল বরফস্তর রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে অবিলম্বে বৈশ্বিক দূষণ হ্রাস করা জরুরি।


























