গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার কর্মীদের ওপর নির্যাতন, অপহরণ ও নিপীড়নের অভিযোগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজসহ দেশটির ১৩ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন ইতালির সরকারি প্রসিকিউটররা। গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যদের আটকের ঘটনায় ভুক্তভোগী ইতালীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। এই তদন্তের আওতায় ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামিরও রয়েছেন।
অভিযোগে জানানো হয়েছে, আটক কর্মীদের মারধর, হত্যার হুমকি এবং টিজার ও রাবার বুলেট দিয়ে নির্যাতন করা হয়েছে। পাশাপাশি একাধিক গুরুতর যৌন নিপীড়নের অভিযোগও উঠে এসেছে। আন্তর্জাতিক জলসীমায় বিভিন্ন নৌযান থেকে শত শত ফ্লোটিলা কর্মীকে আটক করেছিল ইসরাইলি বাহিনী। গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরাইলি অবরোধ ভাঙাই ছিল ফ্লোটিলার প্রধান লক্ষ্য।
ইতালির প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্তে প্রয়োজনীয় তথ্য চেয়ে ইসরাইলের কাছে বিচারিক সহায়তা চাওয়া হয়েছে। সংগৃহীত প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করার পদক্ষেপ নেওয়া হতে পারে।























