ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি মিশনে থাকবেন জার্মান পর্যবেক্ষকরা, ভোটপ্রক্রিয়ার বিভিন্ন ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে ইইউ
ঢাকায় রাষ্ট্রদূত রুডিগার লোটজ বলেন—বাংলাদেশের নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ; জানুয়ারিতে আসবেন ৭ জন জার্মান পর্যবেক্ষক।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি মিশনের অংশ হিসেবে সাতজন জার্মান নাগরিক বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
বুধবার ঢাকার ফ্রাঙ্কো–জার্মান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইইউ এ নির্বাচনের জন্য একটি বড় পর্যবেক্ষক মিশন মোতায়েন করছে এবং জার্মানি উল্লেখযোগ্য সংখ্যক বিশেষজ্ঞ পর্যবেক্ষক পাঠাবে।
রাষ্ট্রদূত লোটজ জানান, জানুয়ারিতে দীর্ঘমেয়াদি টিমে সাতজন জার্মান পর্যবেক্ষক যুক্ত হবেন। নির্বাচনের দিন ঘনিয়ে এলে আরও স্বল্পমেয়াদি পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন এবং ভোটগ্রহণ, পরিবেশ, আইনশৃঙ্খলা ও নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন ধাপ মূল্যায়ন করবেন।
তিনি বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণে আন্তর্জাতিক সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন সেই ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
ইইউর পর্যবেক্ষক মিশন এবার ভোটের আগে, চলাকালে এবং পরে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
















