ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও সহজ করার লক্ষে বহরে যুক্ত হলো ৫টি নতুন কন্টেইনার ক্যারিয়ার ভেহিক্যাল। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর প্রস্তাবিত গাবতলী কাঁচাবাজারে আনুষ্ঠানিকভাবে আধুনিক এই যানগুলোর উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রী ঘোষিত ৯০ দিনের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ইতালি থেকে এই পাঁচটি নতুন কন্টেইনার ক্যারিয়ার সংগ্রহ করা হয়েছে। এই যানগুলোতে উন্নত কন্টেইনার লোড ও আনলোডের সুবিধা থাকায় পরিচ্ছন্নতাকর্মীদের কাজ অনেক সহজ হবে এবং দ্রুততম সময়ে শহর থেকে ময়লা-আবর্জনা সরাসরি ল্যান্ডফিলে পরিবহন করা সম্ভব হবে। শুধু এই পাঁচটি যানই নয়, বর্জ্য অপসারণ কার্যক্রমকে আরও সুদৃঢ় করতে খুব শীঘ্রই ডিএনসিসির বহরে আরও ১০টি নতুন ভেহিক্যাল যুক্ত করা হবে।
ডিএনসিসির বর্জ্য অপসারণের বর্তমান চিত্র তুলে ধরে প্রশাসক জানান, বর্তমানে উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে প্রতিদিন গড়ে ৪ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়। এই বিশাল কর্মযজ্ঞে ড্রাম ট্রাক, খোলা ট্রাক, কন্টেইনার ক্যারিয়ার ও কমপেক্টরসহ প্রতিদিন প্রায় ১৮০ থেকে ২০০টি গাড়ি নিয়মিত কাজ করছে।
এদিকে আজকের বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টি প্রসঙ্গে প্রশাসক উল্লেখ করেন যে, আজ ভোর ৪টা থেকে অবিরাম বৃষ্টি হওয়া সত্ত্বেও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা এবং আগাম ড্রেনেজ সংস্কারের কারণে রাজধানীর অধিকাংশ এলাকাই জলাবদ্ধতামুক্ত রাখা সম্ভব হয়েছে। বিগত দুই মাসের ভারী বর্ষণে যেসব পয়েন্টে পানি জমেছিল, সেগুলোতে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক ঢাকা গড়তে নগরবাসীকে আরও সচেতন হওয়ার এবং সিটি কর্পোরেশনের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক।






















