বিগত ১৭-১৮ বছরের রাজনৈতিক পটভূমি স্মরণ করিয়ে দিয়ে দেশ ও গণতন্ত্রের ভিতকে সুসংহত ও শক্তিশালী রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি উল্লেখ করেন, দেশে দীর্ঘ আন্দোলনের পর এখন একটি স্বাভাবিক রাজনৈতিক ও সামাজিক জীবন ফিরে এসেছে, যা ধরে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখনকার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি স্থানীয় কনফারেন্স হলে ‘লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদ’ আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে এলাকার ২৫ জন সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, অতীতে বহুমাত্রিক রাজনৈতিক ও সামাজিক কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সাধারণ মানুষ আজকের এই স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে, যা ৩ বছর আগেও কল্পনা করা কষ্টকর ছিল। এতদিন ধরে স্বৈরাচার ও অধিকার আদায়ের রাজনৈতিক যুদ্ধ সম্পন্ন করার পর এখন দেশ গঠন ও অর্থনৈতিক মুক্তির জীবন যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জয়ী হতে হবে।
দেশের বর্তমান প্রেক্ষাপট ও সরকার পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ ও উদীয়মান তরুণ প্রজন্মের কল্যাণে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার অভিযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। স্বাধীনতার পর থেকে নানা অভাব-অনটনের মাঝেও যে গণতান্ত্রিক যাত্রা পুনরারম্ভ হয়েছে, তাকে ধরে রাখতে হলে সহনশীল রাজনীতি চর্চা করা আবশ্যক।
ঐতিহাসিক স্মৃতির কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরের সংক্ষিপ্ত মেয়াদে একটি আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গঠনের মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন। সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার রক্ষায় ত্যাগ ও আপসহীন লড়াই করেছেন। বর্তমানে তাঁদেরই যোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হয়ে দেশের সার্বিক দায়িত্বভার গ্রহণ করে নতুন গতি এনেছেন।
রাজনৈতিক দলগুলোর পারস্পরিক জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, জাতীয় সংসদে সুন্দর ও গঠনমূলক আলোচনা হলেও সংসদের বাইরে গিয়ে অনেক সময় রাজনৈতিক উত্তাপ বা অস্থিতিশীল কর্মসূচি দেখা যায়, যা সামগ্রিকভাবে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। তাই সার্বিক সংবেদনশীল পরিস্থিতি বিবেচনা করে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ ও সহনশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেডএম ফারুকী, প্রফেসর জাকির হোসেন, অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন কিরন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।






















