শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের তরুণ প্রজন্মকে দক্ষ ও ক্ষমতাবান হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তরুণদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা বৃদ্ধির দিকে সরকার বিশেষ দৃষ্টি রাখছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এসব কথা বলেন। তিনি দেশের শিক্ষা খাতের সার্বিক প্রসারে বিগত সময়ের উদ্যোগগুলো স্মরণ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন এনেছিলেন, যার ধারাবাহিকতায় লক্ষ্মীপুরেরও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করা হয়।
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষাবান্ধব নানা পদক্ষেপের কথা তুলে ধরে জানান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু এবং ছাত্রীদের উপবৃত্তি প্রদানের মতো যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে দেশে নারী শিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছিল। তাঁদের রেখে যাওয়া সেই আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতের আধুনিকায়ন ও নতুন প্রজন্মকে শক্তিশালী করতে নিরলস কাজ চালিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক জুলাই আন্দোলনের ত্যাগের স্মৃতি স্মরণ করে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাষ্ট্র সংস্কারের ঐতিহাসিক সংগ্রামে অনেকেই জীবন দিয়েছেন এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের প্রতি কেবল সমবেদনা প্রকাশেই সীমাবদ্ধ না থেকে সরকার কীভাবে তাঁদের পাশে স্থায়ীভাবে দাঁড়াতে পারে, সে বিষয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















