শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সহায়তা প্রদান ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ফেনী সদর উপজেলার ৬৫টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল এবং শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে ফেনী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে মণ্ডপগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরীন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল ও বিএনপি নেতা রাশেদ ইকবাল। এ ছাড়া আরও বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তপন কর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ পরিষদের জেলা সভাপতি ভূপাল মজুমদার, পূজা উদ্যাপন পরিষদের ফেনী সদর উপজেলা সভাপতি তপন কর বশাক এবং পৌর সভাপতি সমর দেবনাথ।
অনুষ্ঠানে জানানো হয়, ফেনী সদর উপজেলার ৫৩টি এবং পৌর এলাকার ১২টি—মোট ৬৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি চাল এবং চারটি করে বিশেষ শাড়ি প্রদান করা হয়েছে। সরকারের এই অনুদান পূজা উদযাপনকে আরও আনন্দদায়ক ও সুশৃঙ্খল করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।






















