ইয়েমেন যুদ্ধে ওয়াশিংটন সরাসরি জড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলে তাদের স্বার্থকে লক্ষ্য করে তীব্র জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব মার্কিন সহায়তা চেয়েছে—এমন খবরের প্রতিক্রিয়ায় হুথি রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি বড় সংকটের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হুথিদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন অভিযানে ওয়াশিংটনের অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর জবাবে আল-বুখাইতি জানান, আগ্রাসনে যুক্তরাষ্ট্র জড়ালে কোনো আলোচনা ছাড়াই দ্রুত ও কঠোর পাল্টা আঘাত হানা হবে। একই সঙ্গে তিনি সৌদি আরবের তেল স্থাপনা ও বিমানবন্দরগুলো বৈধ লক্ষ্যবস্তু উল্লেখ করে সেখানকার কর্মীদের দূরে থাকার আহ্বান জানান।
পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে এবং বিদেশি বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল বা স্থগিত করছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সে দেশের দূতাবাস। এদিকে বারবার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় গভীর উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।























