জনগণের দুর্ভোগ লাঘব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পাকিস্তানের করাচি মহানগরীতে ২০ অক্টোবর পর্যন্ত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৪৪ ধারা জারি করা হয়েছে। করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভি এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেন।
প্রজ্ঞাপনে জানানো হয়, মহানগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও চত্বরগুলোতে বিক্ষোভ, সমাবেশ, র্যালি ও অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এর ফলে জরুরি সেবা এবং হাসপাতালে যাতায়াত বাধাগ্রস্ত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। সেই সঙ্গে তৈরি হচ্ছে মারাত্মক নিরাপত্তা ঝুঁকি।
সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে করাচি বিভাগজুড়ে পাঁচজনের বেশি মানুষের জমায়েত, সব ধরনের মিছিল, সমাবেশ ও অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
কমিশনারের নির্দেশনা অনুযায়ী, ১১ অক্টোবর থেকে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এই প্রতিরোধমূলক নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এবং কোনো ধরনের বিক্ষোভ বা জমায়েতে অংশগ্রহণ ও আহ্বান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।























