সরকার গঠনের প্রথম দিন থেকেই বিরোধী দলের ঢালাও অসহযোগিতা ও অস্থিতিশীল রাজনৈতিক কর্মসূচির কারণেই পতিত রাজনৈতিক শক্তি এবং তাদের সহযোগীরা পুনরায় মাঠে ফেরার সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় আয়োজিত একটি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিরোধী জোটের ঢাকা-রংপুরসহ বিভিন্ন অঞ্চলে লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, সরকার সংসদে দায়িত্বশীল আচরণ আশা করলেও রাজপথে বিরোধীরা অনাকাঙ্ক্ষিত অস্থিতিশীলতা তৈরি করছে। লংমার্চ ও সড়কভিত্তিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, হাসপাতালে যাওয়া রোগীদের ভোগান্তি বাড়ছে, তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রচুর জ্বালানির অপচয় ঘটছে। বিগত সরকারের ১৭ বছরের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দায়িত্ব নেওয়া বর্তমান তারেক রহমানের সরকারের পক্ষে মাত্র ছয় মাসে সব গ্যাস ও বিদ্যুৎ সমস্যার জাদুকরী সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান।
বিগত নির্বাচন ও পটপরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের রাজপথের সাফল্য কিংবা গত ১২ ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচন কোনো আকস্মিক ঘটনা নয়; বরং ১৭ বছর ধরে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ধারাবাহিক লড়াই-সংগ্রামের ফসল। সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস বা দুর্বলতাকে কাজে লাগিয়ে যারা জল ঘোলা করে ক্ষমতায় আসার কৌশল নিচ্ছে, তাদের চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।
মান্দারীর জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং লায়ন্স ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এই দিনব্যাপী বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






















