সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে এবং এক হাজার ১৮০ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে এক হাজার ১০২টি শিশু।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ৪৭ জনে। আর পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিতভাবে আক্রান্ত পাওয়া গেছে ২২ হাজার ৪২১ জনকে। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে নিশ্চিত ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১০৫৮ জনসহ মোট ১ হাজার ১৬২ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত পাওয়া গেছে ঢাকা বিভাগে, যা সংখ্যায় ৪৩৮ জন। এর বাইরে চট্টগ্রামে ২৩১, সিলেটে ১৪০, বরিশালে ১২১, খুলনায় ৮৫, ময়মনসিংহে ৭৮, রংপুরে ৫০ এবং রাজশাহী বিভাগে ৩৭ জন শিশু আক্রান্ত হয়েছে।


























