নেত্রকোনার সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামে চার এতিম নাতি-নাতনি নিয়ে কষ্টে দিন কাটানো ৮৫ বছর বয়সী বৃদ্ধ রুস্তম আলীর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদমাধ্যমে পরিবারটির করুণ অবস্থা তুলে ধরে খবর প্রকাশের পর রোববার বিকেলে রুস্তম আলীর বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে খাদ্যসামগ্রী পৌঁছে দেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিজা খাতুন।
গত এক বছরের ব্যবধানে একমাত্র ছেলে, পুত্রবধূ ও স্ত্রীকে হারিয়ে চরম মানসিকভাবে ভেঙে পড়েন বৃদ্ধ রুস্তম আলী। বাধ্য হয়ে এই বয়সেই চার অবুঝ নাতি-নাতনির দেখাশোনার ভার নিতে হয় তাঁকে। শারীরিক অসুস্থতার কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিল। পরিবারের বড় নাতি নানা রোগে ভুগলেও অর্থাভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।
পরিবারটির এই দুরবস্থার কথা জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন। জরুরি খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি পরিবারটির স্থায়ী সচ্ছলতা ও শিশুদের সুচিকিৎসা এবং পড়াশোনা নিশ্চিত করতে সরকারি দীর্ঘমেয়াদি বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।






















