ঢাকা | ৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে বাংলাদেশের “অবিচল মনোবল ও মানবতার উজ্জ্বল প্রতীক” বলে আখ্যা দিয়েছেন।
শনিবার এক সরকারি বিবৃতিতে অধ্যাপক ইউনূস জানান, সরকার গাজা অভিমুখী ঐতিহাসিক মানবিক নৌবহরে অংশ নেওয়া সবার, বিশেষ করে শহিদুল আলমের নিরাপত্তা ও অবস্থার ওপর নিবিড় নজর রাখছে।

প্রধান উপদেষ্টা বলেন, “২০১৮ সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য ১০৭ দিন কারাবাস করেছিলেন শহিদুল আলম। সে সময় তিনি যে সাহস, দৃঢ়তা ও নৈতিক শক্তি দেখিয়েছিলেন, আজও সেই একই চেতনা নিয়ে তিনি গাজার মানবিক অভিযানে অংশ নিচ্ছেন।”
জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক অধিবেশনে দেওয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে অধ্যাপক ইউনূস বলেন,
“অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি আমাদের ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে অর্জিত মানবিক অগ্রগতি ধ্বংস করে দিচ্ছে।”
তিনি আরও বলেন,
“গাজায় এর সবচেয়ে নির্মম প্রতিচ্ছবি আমরা দেখছি—শিশুরা অনাহারে মারা যাচ্ছে, বেসামরিক মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে, হাসপাতাল ও স্কুলসহ গোটা জনপদ মুছে ফেলা হচ্ছে।”
বিবৃতির শেষাংশে অধ্যাপক ইউনূস বলেন,
“আমরা শহিদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি—এখন, এবং চিরকাল।”
















