রাজনৈতিক কর্মসূচি পালন করে জনভোগান্তি না বাড়িয়ে সরকারকে কাজ করার পর্যাপ্ত সময় ও সহযোগিতা দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) পুরান ঢাকার সোয়ারীঘাটে যৌথ উদ্যোগে আয়োজিত ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, জনগণ পাঁচ বছরের জন্য নতুন সরকারকে রায় দিয়েছে। ছয় মাস অতিক্রান্ত হওয়ার আগেই অস্থিরতা তৈরি না করে দেশ গঠনের দিকে মনোযোগ দেওয়া উচিত। কোনো রাজনৈতিক দল বা নেতৃত্বের পক্ষেই জাদুকরী উপায়ে এত অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি সতর্ক করেন যে, এ ধরনের কর্মসূচির ফলে পুরাতন স্বৈরাচার আবার ফিরে আসার সুযোগ পেতে পারে।
নগর পরিচ্ছন্নতা অভিযানে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ চেয়ে তিনি বলেন, রাস্তাঘাট বা নদী অববাহিকার আবর্জনা পরিষ্কারের কাজে বিরোধীরা ভূমিকা রাখলে নগরবাসী উপকৃত হতো। কোনো সামাজিক কাজে অংশ নিতে না পারলেও অন্তত শান্তিশৃঙ্খলা বজায় রেখে সরকারকে সহযোগিতা করা প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকার চারপাশের নদী ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি করপোরেশনের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন আব্দুস সালাম। তিনি জানান, সংগৃহীত বর্জ্যকে পুনর্ব্যবহার বা রিসাইক্লিং করে তা থেকে বিদ্যুৎ, গ্যাস, কম্পোস্ট সার ও ডিজেল উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এছাড়া বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীকে পুনর্দখল ও দূষণমুক্ত করে পুনরায় নৌ চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করা হয়েছে।






















