রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সাম্প্রতিক তাণ্ডব ও ভাঙচুরের পর দ্রুততম সময়ে সংস্কার সম্পন্ন করা হয়েছে। মাত্র সাত দিনের ব্যবধানে সংস্কারকাজ শেষ করে শনিবার কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে রাড্ডা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
স্থানটি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেবা প্রতিষ্ঠানটিতে দুষ্কৃতকারীরা তাণ্ডব চালিয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রী ও সরকারের নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ গ্রহণ করা হয়।
তিনি জানান, জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেই তিনি নিজে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবং নিজ উদ্যোগে সংস্কার কাজ শুরুর নির্দেশনা দেন। বর্তমানে সম্পূর্ণ সংস্কার শেষে কেন্দ্রটি আধুনিক পরিবেশ তৈরি করা হয়েছে এবং সেখানে মা ও শিশুরা নির্বিঘ্নে নিয়মিত স্বাস্থ্যসেবা ও টিকা গ্রহণ করছেন।


























