সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট বিজি ৩৩৯ এবং বিজি ৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরণের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিমানের পক্ষ থেকে উক্ত ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফ্লাইট পুনর্নির্ধারণসহ বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে জানানো হবে বলে বিমান কর্তৃপক্ষ উল্লেখ করেছে।
ফ্লাইট স্থগিত হওয়ার কারণে যাত্রীদের যে অপ্রত্যাশিত ভোগান্তি তৈরি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তার জন্য বিমানের কল সেন্টার অথবা নিকটস্থ বিক্রয় অফিসে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।






















