অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ২৯ বছর আগে প্রতিষ্ঠিত হলেও নানামুখী সমস্যায় ধুঁকছে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী। গ্যাস ও পানির সংকট, বিদ্যুৎ বিভ্রাট, জরাজীর্ণ সড়ক, জলাবদ্ধতা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে শিল্পনগরীটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যের মুখ দেখতে পায়নি। ফলে প্লট বরাদ্দ নিয়েও অনেক উদ্যোক্তা উৎপাদনে যেতে পারেননি।
১৯৯৭ সালে শহরের বাঞ্চানগর এলাকায় ১৬ একর জমিতে গড়ে ওঠা এই শিল্পনগরীতে ৫৪টি শিল্প ইউনিটের জন্য ৯৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে অবকাঠামোগত নানা অসুবিধার কারণে বর্তমানে কেবল ৩০টির মতো ইউনিট চালু রয়েছে। সীমানা প্রাচীর ও প্রবেশদ্বার না থাকায় চুরি-ছিনতাইসহ নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়েছেন কারখানার মালিক ও শ্রমিকরা।
এদিকে বিসিক কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পনগরীর অভ্যন্তরীণ সড়ক সংস্কার, ডাম্পিং ইয়ার্ড নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এসব সংকট দূর হলে নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


























