নির্বাচনের আগে দেশের সাধারণ মানুষের কাছে দেওয়া রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করে ভোটারের হাতের কালি শুকানোর আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কাজের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বার্তা২৪.কম-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে শেখ হাসিনা ও তাঁর পরিবার দেশকে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত ও খণ্ড-বিখণ্ড করে রেখে গিয়েছিল। সেখান থেকে দেশকে পুনর্গঠন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। মূলত তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের সার্বিক ক্ষমতায়ন নিশ্চিত করতেই ফ্যামিলি কার্ড প্রদানের এ সামাজিক সুরক্ষা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ফ্যামিলি কার্ডের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে স্থানীয় পূজা মণ্ডপগুলোর জন্য সরকারি ত্রাণ তহবিলের (জিআর) চাল বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সেখানে শামা ওবায়েদ স্পষ্ট করে বলেন, বর্তমান সরকার ‘সংসংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ ডিভাইডে বিশ্বাস করে না; বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। শারদীয় পূজায় যাতে কোনো স্বৈরাচারের দোসর, অশুভ শক্তি বা কোনো গুপ্ত গোষ্ঠী অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















