পদ্মা নদীতে প্রবাল স্রোতের কারণে দিকভ্রান্ত হয়ে অনিচ্ছাকৃতভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করার পর আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিক ১১ দিন পর দেশে ফিরেছেন। দ্বিপক্ষীয় কূটনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টায় মুক্তি পাওয়ার পর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর বিজিবি ক্যাম্প সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ফেরত আসা ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার আলাইপুর গ্রামের কলেজছাত্র মোশাররফ হোসেন (২২), শাহাবুল আলী (৪২), বাবর আলী (৪৫), আসাদুল ইসলাম (৪১) এবং সাইফুল ইসলাম (৫৮)। জানা যায়, গত ৭ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়ার বাংলাবাজার চর এলাকা থেকে পাট কিনে ট্রলারযোগে বাঘায় ফেরার সময় তারা নদীর তীব্র স্রোতে দিক হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় সীমান্তের প্রায় আড়াই কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা পাটবোঝাই নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায়।
আটকের বিষয়টি জানতে পেরে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রাথমিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তাদের ছাড়তে রাজি হয়নি বিএসএফ। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, জেলা প্রশাসন ও বিজিবির উঁচুপদের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তরের পর প্রশাসনিক নমনীয়তায় তাদের মুক্তির পথ সুগম হয়।
শুক্রবার সন্ধ্যায় বিএসএফের তরফ থেকে আলাইপুর বিওপি ক্যাস্পে বিজিবির কাছে আটক পাঁচজনকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। আলাইপুর বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান নিশ্চিত করেন যে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠা ও অনিশ্চয়তা শেষে স্বজনদের কাছে পাওয়ার পর আলাইপুরের পদ্মাতীরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।






















