রাজধানীর মিরপুরের পল্লবী এভিনিউ-৫ এলাকায় ফুটপাতের দোকান থেকে সংগৃহীত চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তপন নামে এক ব্যক্তিকে খুঁজতে এসে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে গেছে চার সশস্ত্র যুবক। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ৪১টি দোকান থেকে নিয়মিত চাঁদা তোলা তপনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পল্লবী এভিনিউ-৫ এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
ওসি জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা শুরু করে। ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন যুবক তপন নামে এক ব্যক্তির খোঁজে তাঁর বাসার সামনে ঘোরাঘুরি করে এবং পরে মোটরসাইকেল থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে স্থান ত্যাগ করে। তবে ঘটনাস্থল থেকে কোনো গুলির খোসা বা অন্যান্য আলামত জব্দ করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই পুলিশ তপনকে আটক করে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তপন দীর্ঘদিন ধরে পল্লবী এভিনিউ-৫ এলাকার ফুটপাতসহ অন্তত ৪১টি দোকান থেকে নিয়মিত দৈনিকভিত্তিতে চাঁদা তুলে আসছিলেন। সংগৃহীত এই চাঁদার মোটা অঙ্কের টাকা এলাকার বাইরে অবস্থানরত এক সন্ত্রাসীর কাছে পাঠানো হতো বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদের সময় উক্ত শীর্ষ সন্ত্রাসীর নাম সম্পর্কে তপন বারবার অসঙ্গতিপূর্ণ ও ভিন্ন ভিন্ন তথ্য প্রদান করছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আটক তপন পূর্বে ওই এলাকায় ফুটপাতে তরকারি বিক্রি করতেন। পরবর্তীতে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় সন্ত্রাসীদের ছত্রছায়ায় তিনি ফুটপাতের মূল চাঁদাবাজ হিসেবে আবির্ভূত হন। আগে যে পরিমাণ চাঁদার টাকা অন্যদের দেওয়া হতো, তা নিয়ে মতবিরোধ এবং নতুন করে টাকার ভাগাভাগি কেন্দ্রিক বিরোধের জেরেই এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
পুলিশের প্রাথমিক ধারণা, চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়েই এই ফাঁকা গুলির ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উন্মোচন, অস্ত্র উদ্ধার এবং ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়া মোটরসাইকেল আরোহী চার যুবককে শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে।

























