মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন জীবিকা সংকটে পড়া জেলেদের মানবিক সহায়তায় ভোলার চরফ্যাশনে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। বিশেষ কর্মসূচির আওতায় উপজেলার ৩৫ হাজার ৬৫৬ জন প্রান্তিক জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে মোট ৮৯১ দশমিক ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নে জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। প্রথম দিনে নিবন্ধিত জেলেদের জাতীয় পরিচয়পত্র ও কার্ড যাচাই-বাছাই করে এ খাদ্যসহায়তা দেওয়া হয়।
আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ পরিবেশ তৈরি ও জাতীয় উৎপাদন বাড়ানোই এই নিষেধাজ্ঞার মূল লক্ষ্য।
চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ও জিন্নাগড় ইউনিয়ন প্রশাসক জয়ন্ত কুমার অপু, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিউল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানিয়েছেন, তালিকাভুক্ত সব জেলের কাছে স্বচ্ছতার সঙ্গে বরাদ্দকৃত চাল পৌঁছে দেওয়া হবে এবং সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।






















