পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থ আত্মসাৎকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মর্তুজা, মহাব্যবস্থাপক এ বি এম জাহিদ হোসেন, মো. আলা উদ্দিন এবং সঞ্চয় ও ঋণ বিতরণ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন ব্যাংকের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি তুলে ধরেন। বৈঠক শেষে নির্দেশনাগুলো আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের দপ্তરે পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে এবং সেবার মান বাড়াতে পর্ষদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে জেলা ও আঞ্চলিক কার্যালয়ের জনবল বৃদ্ধি করে মাঠপর্যায়ের কার্যক্রমের মনিটরিং জোরদার করা এবং নির্দিষ্ট মডিউলের মাধ্যমে দ্রুত মাঠ কর্মকর্তাদের প্রশিক্ষণ নিশ্চিত করা। এ ছাড়া কর্মকর্তাদের যেকোনো ধরনের অসদুপায় ও অসততা থেকে বিরত রাখতে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নীতিমালা কঠোরভাবে মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। শ্রেণিকৃত ও মেয়াদোত্তীর্ণ ঋণ কমাতে নিয়মিত জুম মিটিংয়ের পাশাপাশি সরেজমিন পরিদর্শনের ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি অনাদায়ী দীর্ঘমেয়াদি ঋণ চিহ্নিত করে প্রচলিত নীতিমালা অনুযায়ী পুনঃতফসিল, পুনর্গঠন কিংবা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ব্যাংকটির প্রতিটি শাখার বার্ষিক লক্ষ্যমাত্রাকে মাসভিত্তিক ও মাঠকর্মীদের মাঝে সঠিকভাবে বণ্টন করার নির্দেশও দেওয়া হয়েছে এই সভায়।


























