থাইরয়েড রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) অষ্টম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
‘থাইরয়েড সেবায় শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে চিফ হুইপ বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে সরকার সর্বদাই প্রতিজ্ঞাবদ্ধ। থাইরয়েডের মতো রোগ মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি চিকিৎসক ও গবেষকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বিটিএসের সভাপতি ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফজলুল বারী জানান, দেশের একটি বিশাল জনগোষ্ঠী থাইরয়েড সমস্যায় ভুগছেন, যার একটি বড় অংশই নারী এবং তাদের অনেকেই নিজেদের অসুস্থতার বিষয়ে জানেন না। সম্মেলন উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসার নানা আধুনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


























