আইনশৃঙ্খলা রক্ষা, পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ টানা পঞ্চমবারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম)। বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে সেপ্টেম্বর মাসের কার্যক্রমের ভিত্তিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে ওসি রতন শেখের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। গত ১০ মাসের দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিসহ বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই অর্জনের পর প্রতিক্রিয়ায় রতন শেখ বলেন, এই সাফল্য পুরো সদর থানা পুলিশের যৌথ প্রচেষ্টার ফল। তিনি তার কাজের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এই ধারায় দায়িত্ব পালন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।






















