উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেতে ড্রোন হামলার পর স্থাপনার কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং কুর্দি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের বড় অংশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে (স্থানীয় সময়) হামলাটি চালানো হয়। রয়টার্স জানায়, ড্রোনটি একাধিক গ্যাস সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে, যাতে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েকজন শ্রমিক আহত হলেও কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। যৌথ অভিযান কমান্ড জানায়, হামলার উদ্দেশ্য ছিল অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এ ঘটনায় আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের প্রায় ৮০ শতাংশ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডানা গ্যাস পরিচালিত এই গ্যাসক্ষেত্র কিরকুক ও সুলায়মানিয়ার মাঝামাঝি এলাকায় অবস্থিত। এএফপি জানায়, প্রকৌশলীরা বলছেন ক্ষতিগ্রস্ত ট্যাংকগুলো মেরামতে দুই থেকে তিন দিন সময় লাগবে। ইতিমধ্যে সরকার ও ডানা গ্যাসের পক্ষ থেকে তদন্তকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এর আগে এই অঞ্চলের গ্যাসক্ষেত্র একাধিকবার রহস্যময় ড্রোন হামলার শিকার হয়েছে। সপ্তাহের শুরুতে আরেকটি ড্রোন খোর মোর গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল, কিন্তু নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করে। ২০২৪ সালে একই স্থাপনায় ড্রোন হামলায় চার কর্মী নিহত হয়েছিল।
















