উত্তরা ইউসিবি চত্বরের ফ্লাইওভারের মুখে ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ বাসের সঙ্গে আইইউবিএটির একটি বাসের সামান্য ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়েছে। গত বুধবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আইইউবিএটির বাসের একটি জানালার কাচ ভেঙে ফেলার ঘটনা ঘটে।
আইইউবিএটির শিক্ষার্থীদের অভিযোগ, দুই বাসের মধ্যে সামান্য ঘষা লাগার পর ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে তাদের বাসের জানালার কাচ ভেঙে ফেলেন। ওই জানালার পাশেই ছাত্রীরা বসা ছিলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সামান্য একটি বিষয় আলোচনার মাধ্যমে সমাধান না করে রাস্তায় লাঠি ও রড নিয়ে নামার মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা দাবি করেন।
অন্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, আইইউবিএটির বাসটি রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় পেছনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাইড দিতে বলা হলে আইইউবিএটির বাসের সহকারী ও কয়েকজন শিক্ষার্থী আক্রমণাত্মক আচরণ করেন এবং একপর্যায়ে এক ছাত্রী অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর জের ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বাসের কাচ ভাঙার ঘটনা ঘটে। তবে ভাঙচুরের বিষয়টি সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তারা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনো সংঘাত চায় না, তবে উসকানিমূলক আচরণও মেনে নেওয়া হবে না।






















