জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের’ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিস্থ ডক্টর মালিকা কলেজে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে কর্তৃপক্ষ জানিয়েছে, সংগৃহীত উত্তরপত্র মূল্যায়ন শেষে অতি শিগগিরই বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রের সার্বিক সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এ সময় পরিদর্শকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. আওলাদ হোসেন সার্বিক কার্যক্রম তদারকিতে সঙ্গে ছিলেন।
পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কেন্দ্র হিসেবে ডক্টর মালিকা কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করেন। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিশেষায়িত ইনস্টিটিউটটির অধীনে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি এবং রাষ্ট্রচিন্তার নানা মৌলিক বিষয়ে এমফিল ও পিএইচডি পর্যায়ে উচ্চতর গবেষণার অনন্য সুযোগ রয়েছে।

























