পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির দুধ পানের পর একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিক্ষকেরা দুধের কিছু প্যাকেট ভেজা এবং ফেটে যাওয়া অবস্থায় দেখতে পান, যা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। প্রধান শিক্ষক জহিদুল ইসলাম প্যাকেটগুলো ধুয়ে শুকানোর ব্যবস্থা করে একটি অনুষ্ঠানে চলে যান। পরে সরবরাহকারী প্রতিষ্ঠান রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টসের প্রতিনিধি মনোয়ার বিদ্যালয়ে এসে একটি প্যাকেট কেটে নিজে দুধ খেয়ে দেখেন এবং শিক্ষার্থীদের তা পানের পরামর্শ দেন। এরপর শিক্ষার্থীরা দুধ পানের কিছুক্ষণের মধ্যেই পেটে ব্যথা ও মাথাব্যথাসহ নানা উপসর্গে আক্রান্ত হতে শুরু করে।
can
ঘটনার তদন্তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীৎ সাহা জানান, বিদ্যালয় থেকে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























