আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। সোমবার বিদ্যুৎ বিভাগের এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বর্তমানে দেশে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নিয়ম রয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে পুনরায় আগের সময়সূচি কার্যকর হবে এবং দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সব সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ব্যবসায়ী সমিতিকে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত আগস্ট মাসে দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করা হয়েছিল। তবে দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে এই নিয়মে শিথিলতা আনা হলো।


























