গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের মাত্র ১৪ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বৃষ্টি ঘরামী নামের এক তরুণী। গত শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী এই তরুণীর মৃত্যু হয়। তিনি ঢাকার শ্যামলীর ট্রমা সেন্টারে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।
বৃষ্টির অকালমৃত্যুর পর তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। হবু বর সবুজ মণ্ডল বিয়ের জন্য কেনা সিঁদুর বৃষ্টির নিথর কপালে পরিয়ে তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আগামী ১৬ অক্টোবর দুই জমজ বোন বৃষ্টি ও বন্যার একই দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বন্যা ঘরামী ঢাকার সিএমএইচে নার্স হিসেবে কর্মরত। দুই বোনের বিয়েকে কেন্দ্র করে পরিবারে চলছিল উৎসবের প্রস্তুতি, যা এখন গভীর শোকে পরিণত হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বৃষ্টির শরীরে জ্বর দেখা দিলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়। বৃষ্টির বাবা কৃষক নির্মল ঘরামী মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলতে বরের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই তাঁকে মেয়ের মরদেহ নিয়ে ফিরতে হয়। গত শনিবার দুপুরে কোটালীপাড়ার নৈয়ার বাড়ি গ্রামে বৃষ্টির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।


























