বিশ্ব বসতি দিবস উপলক্ষে দেশের আবাসন খাতের আধুনিকীকরণে নতুন রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নাগরিকদের জন্য কেবল একটি বাসস্থানের সংস্থানই যথেষ্ট নয়; সেটিকে নিরাপদ, সুপরিকল্পিত ও টেকসই করে গড়ে তোলাই এখন সময়ের দাবি। ঢাকায় জনসংখ্যার অতিরিক্ত চাপ কমাতে রাজধানীর চারপাশে ‘সেকেন্ডারি টাউনশিপ’ গড়ে তোলা এবং যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন তিনি।
সোমবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য বাসযোগ্য, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও নিরাপদ আবাসন নিশ্চিত করা নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার। এই অধিকার সুনিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও জানান, নগরভিত্তিক অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানো এবং আঞ্চলিক বৈষম্য দূর করতে সরকারের মূল লক্ষ্য বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগরায়ণ। পাশাপাশি নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার বলে তিনি পুনর্ব্যক্ত করেন।


























