হবিগঞ্জের আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কটি দীর্ঘ দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কার্পেটিং উঠে গিয়ে এবং স্থানে স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।
উপজেলার বিরাট ভাটীপাড়া থেকে শিবপাশা সবুজগঞ্জ বাজার পর্যন্ত প্রায় সাড়ে দশ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে পিচ ও খোয়া উঠে গেছে। বিশেষ করে সেতুর সংযোগস্থলগুলোতে মাটি সরে গিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
নিয়মিত চলাচলকারী যাত্রী ও চালকরা জানান, দীর্ঘদিন ধরে দুর্ভোগ চললেও স্থায়ী সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাতায়াতের সময় এই ভাঙাচোরা সড়কের কারণে রোগীদের কষ্ট আরও বহুগুণ বেড়ে যায়।






















