বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও সন্ত্রাস দমন, কওমি সনদের স্বীকৃতি অনুযায়ী চাকরিতে সুযোগ সৃষ্টি এবং ইরান-ইসরাইল যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারসহ ১০ দফা প্রস্তাব উত্থাপন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শুরা অধিবেশন-২০২৬-এ এসব প্রস্তাব উত্থাপন করা হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার পরিচালনায় এই শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে উপস্থাপিত প্রস্তাবাবলিতে বলা হয়, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে সংসদ ও সংসদের বাইরে ব্যাপক আলোচনা-পর্যালোচনা হলেও জনজীবনে এর কোনো ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়নি। ফলে ব্যবসা-বাণিজ্য, পরিবহন ও দ্রব্যমূল্যে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
প্রস্তাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের দাপট বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল, ব্যবসা, সেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইনের নিরপেক্ষ ও কঠোর প্রয়োগের দাবি জানানো হয়। নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
সারা দেশে গায়ের জোরে নির্বাচনের কেন্দ্র করে স্বার্থান্বেষী ও পক্ষপাতীত্বের নানা অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের অভিযোগ ও অব্যবস্থাপনা দূর করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
কওমি সনদের স্বীকৃতির বাস্তব রূপ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে প্রস্তাবে বলা হয়, কওমি দাওরায়ে হাদিস তথা মাস্টার্স সমমানের সনদধারী আলেমদের সরকারি প্রাথমিক ও দাখিল স্তরের কারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার সরকারি সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন প্রয়োজন।






















