বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও রাজনীতিক মাওলানা মুহাম্মদ আবদুর রহীমের ৩৯তম ওফাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী শাখার উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা, সেমিনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী জ্ঞানচর্চা, গবেষণা, সাহিত্য এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে মাওলানা আবদুর রহীম যে অবদান রেখে গেছেন, তা বাংলা সাহিত্যে তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে। ইসলামী জীবনব্যবস্থা ও দর্শন নিয়ে তাঁর সমৃদ্ধ লেখনী আজও সমানভাবে তাৎপর্যপূর্ণ।
ঢাকা মহানগরী আমির মাওলানা মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদী। এছাড়া অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নায়েবে আমির ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান।
আলোচনায় আরও অংশ নেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ‘আজকের ভোলা’র সম্পাদক অধ্যক্ষ শওকত হোসেন, রহমতে আলম মহিলা কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ মুজির উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন তুলে ধরে বলেন, তিনি ইসলামী জ্ঞান ও চিন্তাচর্চার পাশাপাশি ইসলামী আন্দোলনের গতিধারা নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর লেখনী ও কর্মতৎপরতা সবসময় অনুপ্রাণিত করবে।


























