গোয়েন্দা সংস্থার নজরদারি এড়িয়ে ভারত থেকে সরাসরি ঝিনাইদহ-৪ আসনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে টেলিগ্রামে গোপন ভার্চ্যুয়াল বৈঠক করেছেন বিগত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ‘বঙ্গবন্ধু মঞ্চ’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নসহ মোট ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার নেতাকর্মীরা অংশ নেন।
বৈঠকে দীর্ঘদিন শূন্য থাকা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে শামীম আরা মান্নান এবং সাধারণ সম্পাদক পদে আইয়ূব হোসেনের নাম ঘোষণা করা হয় বলে জানা গেছে। রাজনৈতিকভাবে সংবেদনশীল এই অনলাইন বৈঠকের বিষয়ে স্থানীয় বা জেলা পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে কোনো পূর্বতথ্য ছিল না। সীমান্তের ওপারে বসে শেখ হাসিনার এমন কৌশলগত দিকনির্দেশনা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় প্রশাসন ও সচেতন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় আওয়ামী লীগ নেতা জানান, তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার পাশাপাশি বর্তমান সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের বিপর্যয় এবং সার সংকটের বিষয়গুলো গ্রামে গ্রামে তুলে ধরতে জোর প্রচারণার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই অনলাইন বৈঠকে মোট ৫৮ জন নেতাকর্মী অংশ নেন। বৈঠক শেষে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা এর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে বিষয়টি প্রকাশ্যে আসে।


























