রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শনিবার (৩ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এ সম্মেলন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২ অক্টোবর) সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। পঞ্চমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ১০০টিরও বেশি দেশের দুই শতাধিক আলোচক, তিন শতাধিক ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। এতে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, গবেষক, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী জানান, ভূরাজনীতি, সামুদ্রিক নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলো আলোচনায় স্থান পাবে। আয়োজকদের দাবি, বেসরকারি উদ্যোগে আয়োজিত দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম এই আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন আঞ্চলিক কূটনীতি ও কৌশলগত সমস্যা সমাধানের কার্যকর মঞ্চ হিসেবে স্থান করে নিয়েছে।






















