ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়া পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে তাদের দুর্দশার খবর প্রকাশিত হওয়ার পর তারেক রহমানের বিশেষ নির্দেশে শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে ওই পরিবারটির কাছে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রয়াত আবুল কালাম আজাদ ও ফরিদা বেগম দম্পতির বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে দেখা করেন এবং গভীর সমবেদনা জানান। প্রতিনিধি দলের প্রধান জানান, তারেক রহমানের পক্ষ থেকে পরিবারটির প্রতি সহমর্মিতা ও সহায়তার বার্তা নিয়ে তাঁরা এসেছেন। দল-মত নির্বিশেষে দেশের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের তীব্র অভাব-অনটন ও ঋণের চাপে দিশেহারা পরিবারটিতে প্রথমে স্ত্রী ফরিদা বেগমের মৃত্যু হয়। এর মাত্র ৩১ দিনের মাথায় নিজ বসতঘর থেকে স্বামী আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বাবা-মাকে হারিয়ে চরম সংকটে পড়া এই পাঁচ কন্যাসন্তানকে নিয়ে খবর প্রকাশিত হলে তা তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তিনি দ্রুত সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেন।






















