পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর বদলিকে কেন্দ্র করে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পিয়ন পদে এক প্রার্থীর নিয়োগের তদবির উপেক্ষা করায় এবং জালিয়াতির অভিযোগে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ায় তাকে বদলি করা হয়েছে।
প্রশাসনের একটি অংশ বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক রদবদল দাবি করলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ভিন্ন কথা। জানা গেছে, পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক (পিয়ন) পদে লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় জালিয়াতি ধরা পড়ে। প্রক্সি পরীক্ষার বিষয়টি প্রমাণিত হওয়ায় ডিসির নির্দেশে ওই প্রার্থীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
এই ঘটনার পরই জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ ও ডিসিকে বদলির নেপথ্যে সরকারি মহলের চাপের গুঞ্জন ওঠে। গত ২৬ সেপ্টেম্বর পটুয়াখালী সদর থানায় দায়েরকৃত ওই মামলার এজাহারে প্রক্সি পরীক্ষার মাধ্যমে জালিয়াতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হয়েছে।


























