চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন চণ্ডীপুর এলাকায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন আবু ছিদ্দিক (৫৫) নামের এক আসামি। বুধবার রাতে এই ঘটনা ঘটে। পলাতক আবু ছিদ্দিক কুড়ুলগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় ইউপি সদস্য এবং চণ্ডীপুর বাজারপাড়া গ্রামের মৃত উম্বাত আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দর্শনা থানা পুলিশের একটি দল পরোয়ানাভুক্ত আসামি আবু ছিদ্দিককে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরায়। এ সময় তার অনুসারী ও স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং কাজে বাধা সৃষ্টি করে। এই সুযোগে তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যান। হামলায় পুলিশের দুজন সদস্য আহত হন।
ঘটনার পর পুলিশ পুরো জেলায় তল্লাশি জোরদার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মণ, ফিরোজ, কণা ও সোনালী।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল্লাহ জানান, আসামিকে গ্রেপ্তারের সময় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করা হয়েছে। তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দর্শনা থানার ওসি (তদন্ত) মো. মুখলেসুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


























