কুড়িগ্রামের চর রাজিবপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য সরবরাহের সময় সয়াবিন তেলের কার্টন খুলে তেলের পরিবর্তে পানির বোতল পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার রাজিবপুর সদর ইউনিয়নের ভাই ভাই এন্টারপ্রাইজে এই অস্বাভাবিক ঘটনাটি ঘটে।
ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক জানান, তারা ময়মনসিংহ থেকে টিসিবির পণ্য নিয়ে আসেন। পণ্য বিতরণের সময় সয়াবিন তেলের দুটি কার্টন খোলার পর তারা তেলের বোতলের পরিবর্তে ভেতরে পানির বোতল দেখতে পান। এই বিষয়টি দেখে তারা হতবাক হয়ে যান।
ফারুক আরও জানান, পরে বিষয়টি টিসিবির ময়মনসিংহের সরবরাহকারী কর্তৃপক্ষকে জানানো হলে তারা এটিকে একটি ভুল বলে স্বীকার করেন।
টিসিবির মতো সরকারি গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহের ক্ষেত্রে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।






















